ছবি: আপন দেশ
দলীয় এমপিদের রাজপথে সক্রিয় থেকে যেকোনও ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (০৯ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছেন।
তারেক রহমান সতর্ক করে বলেন, দেশে আইনশৃঙ্খলার জন্য হুমকি এবং দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় এমপিদের সতর্ক ও রাজপথে সক্রিয় থাকতে হবে।
তিনি বলেন, বার্তাটি স্পষ্ট, আমরা রাজপথে আছি এবং আমাদের রাজপথেই থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রচলিত আইন, বিধিবিধান ও রীতি অনুসরণ করেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় দলের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে এ বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করেন তারেক রহমান।
আরও পড়ুন<<>>রাজধানীর নিরাপত্তা জোরদারে পুলিশের ২৫০ চেকপোস্ট
বৈঠকে উপস্থিত কয়েকজন এমপি জানান, বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া প্রধানমন্ত্রী এমপিদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে বলেন। একইসঙ্গে দেশের সর্বত্র স্বাভাবিক অবস্থা বজায় রাখতে কাজ করার নির্দেশ দেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাদের গুরুত্ব দিতে বলেন তিনি।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সড়ক উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ এবং রমজানের আগে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
বৈঠকে উপস্থিত কয়েকজন এমপি জানান, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে সংসদীয় আসনগুলোতে উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উন্নয়নকাজে ব্যয় করতে পারবেন এমপিরা। এসব কাজের মধ্যে স্কুল, কলেজ ও সড়কের উন্নয়নও থাকবে বলে তারা জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































