ছবি: আপন দেশ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২ হাজার ৯৫১ জন যাত্রীর ভ্রমণসূচি অনিশ্চয়তায় পড়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটের বিষয়ে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বিস্তারিত জানাবে সংস্থাটি।
রোববার (১১ অক্টোবর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বাংলাদেশ সময় শনিবার রাতে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে এটি তৃতীয় হামলা। ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং ফ্লাইটগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয়।
হামলার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ালে ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ১১ অক্টোবর রাত ৯টা পর্যন্ত (ইউটিসি) কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত।
আরও পড়ুন<<>>সৌদির বিমানবন্দর ব্যবহার নিয়ে হুথিদের সতর্কতা
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বাতিল হওয়া এসব ফ্লাইটের মোট যাত্রীসংখ্যা ২ হাজার ৯৫১। ফ্লাইট বাতিল হওয়ায় এসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, তাদের বাতিল হওয়া দুটি ফ্লাইটের বিষয়ে বিস্তারিত তথ্য সোমবার দুপুর ১২টায় জানানো হবে।
এদিকে হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন সৌদিগামী যাত্রীরা। আগে থেকে না জানায় অধিকাংশ যাত্রী বিমানবন্ধরে হাজির হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল হওয়া সৌদি আরবগামী যাত্রীর অধিকাংশই বিমানবন্দরে আসার পর তাদের ফ্লাইট বাতিলের তথ্য জানতে পেরেছেন। তবে কেউ কেউ বিকল্প কোনো ফ্লাইটে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় আছেন।
বিকেল পর্যন্ত বাতিল হওয়া কিছু ফ্লাইটের যাত্রীরা বিকল্প ফ্লাইটে সৌদি আরব যাওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে দেশটির জেদ্দা ও দাম্মাম হয়ে যাচ্ছেন কিছু যাত্রী। তবে এসব যাত্রীদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেবিচক সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকেল পর্যন্ত আটটি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস–বাংলার একটি, সৌদি এয়ারলাইনসের তিনটি ও রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইট বাতিল কিংবা স্থগিত হওয়ায় ঢাকা থেকে সৌদি আরবে কিংবা সৌদি থেকে ঢাকায় আসতে পারেননি ২ হাজার ৯৫১ যাত্রী।
বেবিচকের তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে রাতের ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে।
সর্বশেষ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা হয়েছে। এতে বিমানবন্দরের একটি টার্মিনালে আগুন ধরেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না বা কী ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































