ছবি : আপন দেশ
সাংবাদিকদের ক্ষেত্রে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্রয়োগ চান না। এমনটিই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, এ আইনের আওতায় কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া বা গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেয়ার প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের সংশোধনের জন্য তৈরি করা খসড়া বিলটি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার, সাইবার স্পেসে কাজ করা ব্যক্তি ও আইটি এক্সপার্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনটি যেন নিপীড়নমূলক কোনো আইনে পরিণত না হয়। সেজন্য সমাজের সর্বস্তরের মতামত নেয়া হচ্ছে। খসড়া বিলটি ওয়েবসাইটে প্রকাশের পর বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, শিক্ষকসহ অনেকে মতামত দিয়েছেন। এসব মতামত কম্পাইল করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
তিনি বলেন, দেশের উল্লেখযোগ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, সম্পাদক, বিশ্ব সংবাদপত্র সংগঠন ও সাংবাদিকদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আজকের বৈঠকটি ছিল তাদের সঙ্গে দ্বিতীয় বৈঠক।
সালাহউদ্দিন বলেন, আমরা মিডিয়াকে টার্গেট করে এ আইনটা করতে চাইনি, চাই না। কোনো সাংবাদিক এটার শিকার হোক, এ আইন অপপ্রয়োগ হোক, সেটাও আমরা চাই না।
তিনি বলেন, গণমাধ্যম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সাইবার এক্সপার্ট ও মিডিয়া প্রতিনিধিদের সমন্বয়ে আরও মতামত নেওয়ার প্রস্তাব এসেছে। আইনে সেভিং ক্লজ রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আগে, গ্রেফতারের আগে আদালতের অনুমতি নিতে হবে। বিষয়টি উপযুক্ত মনে হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে যে সুপারিশগুলো আসবে, সেগুলোর মধ্যে এটি অন্তর্ভুক্ত করা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































