ছবি: আপন দেশ
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নির্দেশনাগুলো দিয়েছে বাংলাদেশ পুলিশ।
এর মধ্যে হেলমেট ও সিটবেল্ট ব্যবহার থেকে শুরু করে নির্ধারিত গতিসীমা মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার না করা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলার মতো বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো জানানো হয়।
পুলিশের নির্দেশনায় বলা হয়, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং অপ্রয়োজনে হর্ন না বাজানোর নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই হেলমেট পরতে হবে। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন। অন্যদিকে, গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
বড় ও ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি লেন পরিবর্তন বা মোড় নেয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেও গাড়ি চালাতে বলা হয়েছে।
আরও পড়ুন<<>>রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট
কুয়াশা, বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেয়া হয়েছে। যানজট কিংবা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য না হারিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে।
মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণ করার নির্দেশনাও দেয়া হয়েছে।
এ ছাড়া চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের প্রয়োজনীয় সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে চলাচলের সময় এসব নির্দেশনা মেনে চলার জন্য চালকদের প্রতি আহবান জানানো হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































