Apan Desh | আপন দেশ

চাটমোহরে আদালত অমান্য করে বাড়ি দখলের অপচেষ্টা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১৩ নভেম্বর ২০২৬

চাটমোহরে আদালত অমান্য করে বাড়ি দখলের অপচেষ্টা

ছবি: আপন দেশ

পাবনার চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনাসহ বসতবাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার পৌর সদরের বালুচর মহল্লায় এ ঘটনা ঘটে।

ওই বাড়িতে বসবাসকারীদের নানাভাবে হুমকিধামকি দেয়ায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ ভুক্তভোগীর।

আদালতে দায়েরকৃত মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, বালুচর মহল্লার মৃত মিয়া আতাহার আলীর ছেলে শামসুজ্জোহা তার ভাইবোনদেরকে সাথে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শামসুজ্জোহা পার্শ্ববর্তী ভাংগুড়া উপজেলার ভেড়ামারা গ্রামের মিনা পারভীনকে বিয়ে করেন।

এ দম্পতি নিঃসন্তান ছিলেন। শামসুজ্জোহা তার স্ত্রীর চাপে বসতবাড়ির ৪ শতাংশ জমি স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন। কিন্তু বিষয়টি তার ভাই বোনদের কে জানানো হয়নি। 

শামসুজ্জোহার মৃত্যুর পর মিনা পারভীন পুনরায় অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হন। একপর্যায়ে তার পূর্বের স্বামীর দেয়া ৪ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। বিষয়টি জানার পর মৃত শামসুজ্জোহার অপর দুই ভাই মাসুদ রানা ও ফারুক আহমেদ ওই ৪ শতাংশ জমি নিজেরাই কিনে নেবেন বলে মিনাকে প্রস্তাব দেন। কিন্তু মিনা পারভীন এ প্রস্তাব না মেনে গোপনে অন্যজনের কাছে জমি বিক্রি করে দেন।

শামসুজ্জোহার ভাই ফরুক বারবার চেষ্টা করেও মিনা পারভীনের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। এর মধ্যে মিনা পারভীন মাঝেমধ্যে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে মাসুদ ও ফারুকের পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

নিরুপায় হয়ে ফারুক আহমেদ গত ২১ জুলাই পাবনার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মীনা পারভীনের বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা করেন। মামলা নম্বর ১৬৮/২০২৬। আদালত গত ২৭ আগস্ট ওই জমির উপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপর সার্বিক বিবেচনায় দ্বিতীয় দফায় ১৬ নভেম্বর পর্যন্ত স্থিতি অবস্থার নির্দেশ জারী করেন আদালত।

আরও পড়ুন <<>> এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

কিন্তু মিনা পারভীন কোন কিছুর তোয়াক্কা না করে মামলা চলা অবস্থায় গত ২৪ আগস্ট বালুচর মহল্লার জনৈক সোহেল রানা নামে একজনের কাছে ৪ শতক জমি বিক্রি করে দেন। এছাড়াও আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মিনা গং বাড়ি জবর দখলের অপচেষ্টা করছেন বলেও অভিযোগ ফারুক আহমেদের। 

এ বিষয়ে ভুক্তভোগী ফারুক আহমেদ বলেন, বিরোধপূর্ণ বসতবাড়ির ওই দাগে জমি আছে ২৬ শতক। আমরা চার ভাই, দুই বোন। বোনদের সাথে আপোষ করে তাদের অন্য জায়গা থেকে জমি দিয়েছি। বসতবাড়ির ২৬ শতক জমি আমরা চার ভাই অংশীদার। এমন অবস্থায় আমার ভাই শামসুজ্জোহা বেঁচে থাকতে গোপনে তার স্ত্রীর নামে ৪ শতক জমি লিখে দেন।

তিনি আরও জানান, চাকুরীর সুবাদে আমরা এলাকার বাইরে থাকি। তারপরও জমি না কেনার জন্য সোহেল রানাকে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি তা শোনেননি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জমি কিনে নেন। এখন আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে মিনা পারভীন জমিতো বিক্রি করেছেন, উল্টো ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে বসতবাড়ির এ জায়গা জবর দখলের অপচেষ্টা করছেন। বাড়িতে থাকা আমাদের পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এমন পরিস্থিতিতে প্রশাসনিক সহযোগিতা চেয়ে চাটমোহরের ইউএনও বরাবর গত ৮ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন ফারুক আহমেদ।

অভিযোগ বিষয়ে মিনা পারভীন বলেন, আমার স্বামী বেঁচে থাকতে তাদের ভাইবোনদের নিয়ে সকল জমি বণ্টননামা রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করে গেছেন। আমার নামে যে ৪ শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছেন আমি শুধু সেইটুকু বিক্রি করেছি। তারা আদালতে মামলা করার কয়েকদিন আগে জমি রেজিস্ট্রি হয়েছে। যেসব অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তো এখানে থাকি না, রাজশাহীতে থাকি। আমি কিভাবে তাদের হুমকি ধামকি দিবো। এসব তাদের মিথ্যা ও সাজানো কথা। 

জানতে চাইলে চাটমোহর ইউএনও খালিদ হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এখানে আদালতের কি নিষেধাজ্ঞা আছে, কি নির্দেশনা আছে, সেসব কাগজপত্র যাচাই-বাছাই করে সরেজমিন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়