ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৮ জন বিদেশি নাগরিক যার অধিকাংশই বাংলাদেশ, লাইবেরিয়া, নাইজেরিয়া ও মোজাম্বিকের নাগরিক বলে জানা গেছে। এছাড়া প্রায় ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৩ জুন) স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবনের বেজমেন্টে অবস্থিত ফ্লারিশ স্টে হোটেলের রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন পাশের আরেকটি হোটেল মিকাসা ইন-এও ছড়িয়ে পড়ে।
সরকারি এক কর্মকর্তা জানান, ঘনবসতিপূর্ণ এবং শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছে জনপ্রিয় এ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, কুইক-রেসপন্স ভেহিকল এবং অন্যান্য অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কয়েকজন মানুষ জ্বলন্ত ভবন থেকে নিচে লাফ দিচ্ছেন।
আরও পড়ুন <<>> ভারতে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২১
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি চার থেকে ছয়জনকে জানালার কাচ ভেঙে লাফ দিতে দেখেছি। তাদের মধ্যে একজনের পা ভেঙে গেছে বলে মনে হয়েছে।
লাভকেশ বাজাজের মালিকানাধীন এ হোটেল হাউজ রানি এলাকার একটি সরু গলিতে অবস্থিত। এতে প্রায় ২৫টি কক্ষ ছিল। হোটেলটিতে ৪০ জনেরও বেশি অতিথি অবস্থান করছিলেন, যাদের মধ্যে চিকিৎসার জন্য ভারত সফর করা বিদেশি নাগরিকরাও ছিলেন। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































