ছবি: সংগৃহীত
ঘরের মাঠে ২০২২ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের স্মৃতি পেছনে ফেলে নতুন উদ্যমে বিশ্বমঞ্চে ফিরতে চায় কাতার। টানা দুইবার এশিয়ান কাপ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ হুলেন লোপেতেগুই।
সোমবার (০১ জুন) ঘোষিত ২৬ সদস্যের দলে আক্রমণভাগে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। দলে রাখা হয়েছে ৯ জন ফরোয়ার্ডকে। তাদের মধ্যে রয়েছেন দুইবারের এশিয়ান বর্ষসেরা ফুটবলার আকরাম আফিফ এবং কাতারের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আলমোয়েজ আলি।
এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা এবার উত্তর আমেরিকায় যাচ্ছে নিজেদের নতুনভাবে প্রমাণ করার প্রত্যয় নিয়ে। ২০২২ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে বিপুল বিনিয়োগ ও প্রত্যাশা থাকলেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল কাতারকে। সে আসরে ইতিহাসের প্রথম স্বাগতিক দল হিসেবে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নেয় তারা।
তবে সে ব্যর্থতার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ২০২৩ সালে এশিয়ান কাপের শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রথমবারের মতো বাছাইপর্ব অতিক্রম করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে কাতার।
লোপেতেগুইর ঘোষিত দলে রয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। ২০২২ বিশ্বকাপে অংশ নেয়া একাধিক খেলোয়াড়ও এবার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার পেদ্রো মিগেল, গোলরক্ষক মেশাল বারশাম এবং মিডফিল্ডার আসিম মাদিবো, আবদুলআজিজ হাতেম ও করিম বুদিয়াফ।
আরও পড়ুন <<>> খেলোয়াড়দের জার্সি নাম্বার প্রকাশ করলো ব্রাজিল
দলটির বড় একটি অংশ গড়ে উঠেছে কাতারের অ্যাসপায়ার একাডেমি থেকে উঠে আসা ফুটবলারদের নিয়ে। গত এক দশকে দেশটির ফুটবল উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করেছে এ অ্যাকাডেমি।
আগামী ১৩ জুন সান্তা ক্লারায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কাতার। এরপর ১৮ জুন ভ্যাঙ্কুভারে অন্যতম আয়োজক কানাডার মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন সিয়াটলে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে তারা।
কাতারের বিশ্বকাপ দল
গোলরক্ষক: সালাহ জাকারিয়া, মাহমুদ আবুনাদা, মেশাল বারশাম।
ডিফেন্ডার: হাশমি হুসেইন, আইয়ুব আলাউই, বুয়ালেম খুখি, পেদ্রো মিগেল, ইসা লায়ে, লুকাস মেন্ডেস, সুলতান আল-ব্রাক, হোমাম আল-আমিন।
মিডফিল্ডার: মোহাম্মদ আল-মানাই, জাসেম জাবের, করিম বুদিয়াফ, আহমেদ ফাতহি, আবদুলআজিজ হাতেম, আসিম মাদিবো।
ফরোয়ার্ড: তাহসিন মোহাম্মদ, এডমিলসন জুনিয়র, আলমোয়েজ আলি, আকরাম আফিফ, মোহাম্মদ মুনতারি, ইউসুফ আবদুলরাজ্জাক, আহমেদ আলা, হাসান আল-হাইদোস এবং আহমেদ আল-জানাহি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































