ছবি: এআই জেনারেট
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন চ্যাটবটের পূর্বাভাসে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে ফ্রান্সের নাম। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে শিরোপার দৌড়ে ফ্রান্সের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে স্পেন। এ তথ্য প্রকাশ করেছে এএস স্পোর্টস।
সম্প্রতি মাইক্রোসফটের কোপাইলট, চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনিকে প্রশ্ন করা হয়— ‘২০২৬ বিশ্বকাপ কে জিতবে?’
প্রথমে একাধিক দলের নাম বিবেচনায় আনা হলেও পরে চূড়ান্ত পূর্বাভাস দেয় চ্যাটবটগুলো। এর মধ্যে কোপাইলট ও চ্যাটজিপিটি ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে। অন্যদিকে জেমিনি স্পেনকে এগিয়ে রাখে।
কোপাইলটের মতে, ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের ‘এলিট ডেপথ’, অর্থাৎ প্রতিভাবান খেলোয়াড়দের বিশাল ভাণ্ডার। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড়রা ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে আছেন। পাশাপাশি টানা দুই বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতাও ফ্রান্সকে এগিয়ে রাখছে।
চ্যাটজিপিটিও প্রায় একই মত দিয়েছে। তাদের মতে, ফ্রান্স সামান্য ব্যবধানে ফেবারিট। তবে লামিনে ইয়ামালের মতো তরুণ তারকার কারণে স্পেনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জার হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে জেমিনি জানিয়েছে, পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। অপটা নামের একটি ফুটবল পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ১৬ দশমিক ০৮ শতাংশ। জেমিনির বিশ্লেষণে বলা হয়, স্পেনের কৌশলগত সমন্বয়, বল দখলে আধিপত্য এবং ইউরো ২০২৪ জয়ী তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখছে।
তবে সব পূর্বাভাসকে ছাপিয়ে ভিন্ন মত দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তিনি এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন। তার মডেল অনুযায়ী এবার চ্যাম্পিয়ন হতে পারে নেদারল্যান্ডস, আর ফাইনালে তারা হারাতে পারে পর্তুগালকে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। এ আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ৪৮ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































