ছবি: আপন দেশ
আন্দোলনকারীদের বাধায় দিনভর উত্তেজনা ও নানামূখী ঘটনাপ্রবাহের পর অবশেষে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জুন) রাতে হওয়া সে সভায় অংশগ্রহণ করেন নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যান খুরশিদ আলম। তবে পর্ষদ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন ও কোম্পানি সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন না।
রাত ৯টার দিকে ভার্চুয়াল পদ্ধতিতে সভা শুরু হয়, যা প্রায় ৪০ মিনিট চলে। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম।
জানা গেছে, রাত সাড়ে ১০টায় পর্ষদের পাঁচ সদস্য নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডির দায়িত্বপালন করবেন আলতাফ হোসাইন।
পর্ষদ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন ও কোম্পানি সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন না। তাদের ছাড়া এটি পরিচালনা পর্ষদের সভা হিসেবে গণ্য কিনা, সেই প্রশ্নে নতুন চেয়ারম্যান খুরশিদ আলম বলেন, আমি চেষ্টা করেছি ভারপ্রাপ্ত এমডি ও কোম্পানি সেক্রেটারিকে সভায় আনতে। কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। শুনেছি তাদের বোর্ড মিটিংয়ে অংশগ্রহণের ব্যাপারে আন্দোলনকারীরা আপত্তি জানিয়ে রেখেছে।
সভায় অন্য পাঁচ পরিচালক অংশগ্রহণ করেছেন দাবি করে চেয়ারম্যান বলেন, আমি মিটিংয়ের বিষয়গুলো নোট নিয়ে রেখেছি, ব্যাংককে জানাব। এটা তো বাংলাদেশ ব্যাংকের করে দেওয়া বোর্ড, তাই সভা করার বাধ্যবাধকতা ছিল।
সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে খুরশিদ আলম বলেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আর কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সভা খুব বেশি সময় করা যায়নি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদের পাঁচজন সদস্য ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।
সভায় সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসাইনকে দায়িত্বে বহাল রেখে ব্যাংকের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>ইসলামী ব্যাংক: নিয়ন্ত্রণের নীরব যুদ্ধ
বাংলাদেশ ব্যাংকের চাপে রাতেই অনলাইন সভার আয়োজন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো চাপ কেন্দ্রীয় ব্যাংক থেকে দেয়া হয়নি। তারা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে অনলাইন সভা আয়োজন করেছে।
ব্যাংকিং সময়ের বাহিরে রাতে সভায় আয়োজন করা যায় কি না এমন প্রশ্নে তিনি বলেন, স্ব শরীরে হলে ব্যাংকিং সময়ের মধ্যে সভা আয়োজন করতে হতো। যেহেতু অনলাইনে হয়েছে তাতে কোনো সমস্যা নেই।
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানের উদ্দেশে পরিচালনা পর্ষদের সভা ডেকেছিল ব্যাংকটি। তবে গ্রাহকদের আন্দোলনের কারণে সশরীর সে সভাটি অনুষ্ঠিত হতে পারেনি।
জানা গেছে, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ব্যাংকটির গ্রাহকেরা। সকালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মানববন্ধন কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়।
জানা যায়, ঈদের আগের শেষ কর্মদিবস ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর খুরশীদ আলম পদত্যাগে বাধ্য হন। তার নিয়োগের পর থেকে ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত রাজনৈতিক একটি পক্ষ এ নিয়োগের বিরোধিতা শুরু করে নানা ব্যানারে। এমনকি এ নিয়োগের বিরুদ্ধে ঈদের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে। সে ধারাবাহিকতায় ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়া হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































