ছবি সংগৃহীত
প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠলেন বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারের পর ভারতের সবচেয়ে দাবি এ ব্যাটারের অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করে টানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
রোববার (৩১ মে) মধ্যরাতে অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বেঙ্গালুরু। ওপেনিং জুটিতে বিরাট কোহলি ও ভেঙ্কটেশ আইয়ার মাত্র ৩.৩ ওভারে ৫০ রান যোগ করেন।
মোহাম্মদ সিরাজের বলে ১৬ বলে ৩২ রান করে ভেঙ্কটেশ ফিরলেও রান তোলার গতি কমেনি। দেবদত্ত পাডিক্কালও বেশিক্ষণ টিকতে পারেননি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৭০ রান তুলে ম্যাচের ভিত গড়ে ফেলে বেঙ্গালুরু।
মধ্যভাগে রশিদ খানের ঘূর্ণিতে কিছুটা চাপে পড়ে তারা। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার ১৫ রান করে আউট হন। ক্রুনাল পান্ডিয়াও করেন মাত্র ১ রান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন কোহলি।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
২৫ বলে ফিফটি পূরণ করেন তিনি। এরপর টিম ডেভিডের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে জয়ের পথ আরও সহজ করেন। ডেভিড ২৪ রান করে আউট হলেও তখন ম্যাচ প্রায় বেঙ্গালুরুর নিয়ন্ত্রণে।
একবার জীবন পান কোহলি। ৬৩ রানের মাথায় শুভমন গিল তার একটি কঠিন ক্যাচ ধরেছেন বলে মনে হলেও রিপ্লেতে দেখা যায়, বল মাটি স্পর্শ করেছিল। শেষ পর্যন্ত সে সুযোগই কাজে লাগান কোহলি।
৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। ১২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু। জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন কোহলি।
এর আগে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। তার সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলারেরা। গুজরাটের দুই প্রধান ব্যাটার শুভমন গিল ও সাই সুদর্শনকে দ্রুত ফিরিয়ে দেয় বেঙ্গালুরু। জশ হ্যাজলউডের শর্ট বলে ১০ রান করে আউট হন শুভমন। ভুবনেশ্বর কুমারের বাউন্সারে ১২ রান করে ফেরেন সুদর্শন।
এরপর জস বাটলার, নিশান্ত সিন্ধু ও রাহুল তেওয়াতিয়াদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। একমাত্র ওয়াশিংটন সুন্দর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। একবার জীবন পাওয়ার পর তিনি ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন।
তার ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে গুজরাট। বেঙ্গালুরুর হয়ে রাসিখ দার নেন ৩ উইকেট। হ্যাজলউড ও ভুবনেশ্বর নেন দুটি করে উইকেট।
পরে কোহলির দায়িত্বশীল ইনিংসে ভর করে লক্ষ্য পেরিয়ে যায় বেঙ্গালুরু। টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতে উৎসবে মাতে তারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































