ছবি: আপন দেশ
সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারচক্রের ২০ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর সূত্রে জানা গেছে, নিয়মিত টহল চলাকালে সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে দুটি কাঠের মাছ ধরার বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে নৌবাহিনীর সদস্যদের।
পরে ধাওয়া করে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করা হয়।
তল্লাশির সময় ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত ২০ জনকে আটক করা হয়।
আরও পড়ুন <<>> সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশুর মৃত্যু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযান শেষে উদ্ধার করা সিমেন্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































