Apan Desh | আপন দেশ

সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩০, ২ জুন ২০২৬

সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশুর মৃত্যু

ছবি: আপন দেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তসংলগ্ন মরিঙ্গাঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সতনাইং তঞ্চঙ্গা ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা কিংহ্লা তঞ্চঙ্গার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সতনাইং তার বাবা-মায়ের সঙ্গে সীমান্তসংলগ্ন একটি জুমক্ষেতে কাজ করতে যায়।

দুপুরে তার বাবা জুমের ভেতরে একটি অস্থায়ী ঘর নির্মাণের কাজ করছিলেন। এসময় সতনাইং খেলতে খেলতে একটি পরিত্যক্ত মর্টার শেল খুঁজে পায়।

পরে সেটি নিয়ে খেলতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বিস্ফোরণের সময় তার বাবা-মা কাছাকাছি অবস্থান করছিলেন।

ঘটনার পর স্থানীয় লোকজন শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে বাইশফাঁড়ি এলাকায় নিয়ে আসেন।

আরও পড়ুন <<>> প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, যুবদল নেতা বহিষ্কার

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত শিশুসহ তার পরিবারের সদস্যরা মিয়ানমারের নাগরিক। প্রায় চার থেকে পাঁচ বছর আগে তারা বাংলাদেশে এসে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় সরকারি খাস জমিতে বসবাস শুরু করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় সতনাইং তঞ্চঙ্গা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার প্রক্রিয়া চলছিল।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানও মর্টার শেল বিস্ফোরণে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি ৩৯ নম্বর সীমান্ত পিলার থেকে আরও প্রায় ১০ গজ ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। মৃত শিশুর পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে প্রশাসন কাজ করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়