ছবি : আপন দেশ
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (০২ জুন) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটরিয়ামে আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ দিনের লুটপাট ও অনিয়মের কারণে দেশের অনেক ব্যাংক বর্তমানে আন্ডার-ক্যাপিটালাইজড অবস্থায় আছে। এর সঙ্গে বহু বিনিয়োগকারীও ক্ষতির মুখে পড়েছেন। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংকগুলোকে পুনঃমূলধনীকরণ করা এবং বেসরকারি খাতকে প্রয়োজনীয় কার্যকর মূলধন সরবরাহ করা।
আরও পড়ুন <<>> কমলো এলপি গ্যাসের দাম
তিনি বলেন, জুন মাসে বাজেট দিতেই হবে। তাই অত্যন্ত ধৈর্য, পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করেছি। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা একটি ভালো বাজেট দেয়ার চেষ্টা করেছি। বড় বাজেট দেয়া সহজ, কিন্তু বাস্তবায়ন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় প্রতিটি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল ড্যাশবোর্ড চালু করা হবে। প্রতিটি প্রকল্পের অগ্রগতি সেখানে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোন প্রকল্প কোথায় আটকে গেল, কার কারণে বিলম্ব হলো সবকিছু ড্যাশবোর্ডে দেখা যাবে। কেউ দেরি করলে সঙ্গে সঙ্গে তা শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, বাজেটে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় কমাতে সরকার ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিচ্ছে। দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে দরিদ্র মানুষের সুরক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও সৃজনশীল অর্থনীতির পাশাপাশি বেসরকারি খাতকে আরও শক্তিশালী করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































