ফাইল ছবি, আপন দেশ
বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকরা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর চাইলে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এজন্য তাকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।
আগে ভিসার মেয়াদ পূর্ণ হওয়ার পর নিবন্ধন করার জন্য অতিরিক্ত ১৪ দিন সময় পাওয়া যেত। নতুন নির্দেশনায় সে সুযোগ বাতিল করে নিয়মে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি বছরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫ চালু করে। সম্প্রতি এ আইনের ১২ নম্বর ধারা সংশোধন করে নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগে যেখানে নিয়ম ছিল ভারতে পৌঁছানোর পর ১৮০ দিন পূর্ণ হওয়ার ‘পরবর্তী ১৪ দিনের মধ্যে’ নিবন্ধন করতে হবে।, এখন সে বাক্যটি প্রতিস্থাপন করে বলা হয়েছে—নির্ধারিত ১৮০ দিন সময়সীমা ‘শেষ হওয়ার আগে যে কোনো সময়’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দীর্ঘমেয়াদে ভারতে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ওপর নজরদারি জোরদার এবং আইনি প্রক্রিয়া আরও দ্রুত করতেই এ ডেডলাইন এগিয়ে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন<<>>জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ
নতুন নিয়মে বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু শর্ত থাকে যে প্রতিবার সফরের সময় একটানা ১৮০ দিনের বেশি থাকা যাবে না, তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। এক বছরের মধ্যে তারা যদি অবস্থানকাল বাড়াতে চান, তবে একটানা থাকার মেয়াদ ১৮০ দিন পার হওয়ার আগেই তাদের নিবন্ধন করতে হবে।
ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১৮০ দিন পার হওয়ার পর নিবন্ধনের আবেদন এখন থেকে অত্যন্ত জরুরি বা আপৎকালীন পরিস্থিতি ছাড়া কোনোভাবেই অনুমোদন করা হবে না।
তবে ভারতে জন্ম নেয়া বিদেশি দম্পতির সন্তানদের ক্ষেত্রে রিপোর্টিংয়ের নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। আগের নিয়মে ভারতে কোনো বিদেশি দম্পতির সন্তান জন্ম নিলে ভিসা সংক্রান্ত সেবা বা দেশত্যাগের অনুমতি পাওয়ার জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে কর্তৃপক্ষকে জানাতে হতো।
নতুন নিয়মে নবজাতকের বাবা-মায়ের যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক হন এবং শিশুটির জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তবে এ নিয়ম থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
তবে শর্ত থাকে যে, শিশুটি যদি ভারতে বসবাসকালীন সময়ে পরবর্তীতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে। সে ক্ষেত্রে নাগরিকত্ব পরিবর্তনের ৩০ দিনের মধ্যে বাবা-মাকে অবশ্যই নিবন্ধন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করতে হবে।
নতুন প্রজ্ঞাপনে ভারতের হাসপাতাল, নার্সিং হোম এবং চিকিৎসাকেন্দ্র যেখানে বিদেশি রোগীদের থাকার বা রাত্রিযাপনের সুবিধা রয়েছে। তাদের জন্য তথ্য প্রদানের নিয়মগুলো আপডেট করা হয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মূল দায়িত্ব আগের মতোই থাকছে। তবে নতুন ইমিগ্রেশন কাঠামোর অধীনে তথ্য জমা দেয়ার প্রশাসনিক প্রক্রিয়াটি কিছুটা সংশোধন করা হয়েছে।
ভারত সরকার তাদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস প্ল্যাটফর্ম এবং অনলাইন ভিসা সেবাকে পুরোপুরি ডিজিটাল ও সমন্বিত করার প্রক্রিয়া সম্প্রসারণ করছে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫ চালুর পর এটিই প্রথম বড় ধরনের কোনো সংশোধন। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের এখন থেকে দিন গণনার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































