ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তবে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের শপথ নিতে পারছেন না।
রোববার (০৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
নির্বাচন কমিশন জানিয়েছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও গেজেট প্রকাশের আগে আইনি কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
নিয়মানুযায়ী, মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রার্থী বা বিপক্ষ দলের আপিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য একটি নির্দিষ্ট সময় দিতে হয়। সে সময়সীমা আজ পার না হওয়ায় গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি।
কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, বৈধ ঘোষণা হওয়ার পরদিন সাধারণত গেজেট হয়। আজ আপিলের সময় রাখা হয়েছে বিধায় গেজেট হচ্ছে না এবং স্বাভাবিকভাবে তিনি আজ শপথ নিতে পারছেন না। সবকিছু ঠিক থাকলে সোমবার (০৪ মে) এ গেজেট প্রকাশ হতে পারে।
নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের করা একটি রিট। নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আদালতের পর্যবেক্ষণে রয়েছে।
আরও পড়ুন <<>> ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা
যেহেতু সংরক্ষিত আসন মাত্র একটি, তাই আদালত যদি মনিরা শারমিনের পক্ষে কোনো রুল জারি করেন, তবে পুরো নির্বাচনী প্রক্রিয়া নতুন মোড় নিতে পারে। সেক্ষেত্রে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশিত হলেও তা আদালতের নির্দেশনায় বাতিল হতে পারে। অথবা প্রার্থীর সংখ্যা দুজন হয়ে গেলে জামায়াত জোটকে ভোটের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে হবে।
এর আগে, ৩০ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে ইসি। নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনে সে ৪৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নুসরাত তাবাসসুমকে এ তালিকার বাইরে থাকতে হচ্ছে।
নির্বাচন কমিশন আপাতত আদালতের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছে এবং আইনি জটিলতা নিরসন সাপেক্ষে সোমবার নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































