ফাইল ছবি
ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (০৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে মালিক বা চালকের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ ডাকযোগে পাঠানো হচ্ছে।
নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট মালিক বা চালকদের ডিএমপি সদর দফতর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হতে হবে। সেখানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে।
ডিএমপি জানায়, নোটিশ পাওয়ার পরও কেউ হাজির না হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে, যা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে কার্যকর করা হবে।
আরও পড়ুন <<>> কোরবানিতে পশু আমদানি করবে না সরকার
এছাড়া, সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজভিত্তিক মামলার জরিমানা পরিশোধের নামে কোনো ধরনের অননুমোদিত আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। কোনো ব্যক্তি বা চক্র প্রতারণার চেষ্টা করলে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক সিগন্যাল এলাকায় আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
এ প্রযুক্তির মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানো, অবৈধ পার্কিং ও লেফট লেন ব্লকসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করা হচ্ছে। এসব ঘটনায় ইতোমধ্যে ডিজিটাল প্রসিকিউশন বা মামলা কার্যক্রম শুরু হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































