Apan Desh | আপন দেশ

নির্বাচনের পরিস্থিতি নিয়ে জানালেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের পরিস্থিতি নিয়ে জানালেন ইসি সচিব

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি আশাব্যঞ্জক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আবেগঘন পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে চলছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, দীর্ঘদিনের চেষ্টার ফলেই একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আবেগঘন পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সবাইকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

ভোট শুরুর পর কোনো অভিযোগ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, সকাল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সকাল ১০টা থেকে ভোটের হারসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট হচ্ছে। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

আরও পড়ুন <<>> আজ বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন। এর মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।

এ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে এ আসনটি বাদ দিয়ে বাকি ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়