Apan Desh | আপন দেশ

ঢাকার যে ৭ আসন আলোচনার তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৭:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার যে ৭ আসন আলোচনার তুঙ্গে

ছবি: আপন দেশ

শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজধানী ঢাকার নির্বাচনি ময়দান এখন উত্তপ্ত। বিশেষ করে বড় দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঢাকার কয়েকটি আসন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও  বাম দলগুলোর প্রধানরা এবার ঢাকার বিভিন্ন আসনে মুখোমুখি হচ্ছেন।

এবারের নির্বাচনে সবচেয়ে বড় আকর্ষণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকে লড়ছেন। জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান লড়ছেন ঢাকা-১৫ আসনে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও তরুণ নেতা নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও মাওলানা মামুনুল হক (ঢাকা-১৩) এবং সাইফুল হক (ঢাকা-১২) এর মতো পরিচিত মুখগুলো ঢাকা থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

দলীয় প্রধানদের এসব আসনের বাইরে আরও কয়েকটি আসন নির্বাচনি প্রচারণার সময় ঢাকায় বেশ আলোচিত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা-৮, ঢাকা-৯ ও ঢাকা-১৪। প্রচারণার পুরো সময় এসব আসনের প্রার্থীদের কার্যক্রম দেশব্যাপী বেশ সাড়া ফেলেছে।

ঢাকা-৮
নির্বাচনি প্রচারণার পুরো সময় আলোচনায় ছিল ঢাকা-৮। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। এছাড়া ট্রাক প্রতীকে মডেল মেঘলা আলমসহ আরও কয়েকজন প্রার্থী এ আসনে নির্বাচন করছেন।

এ আসন সম্পর্কে শান্তিনগরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, নাসীরুদ্দিন পাটোয়ারীর প্রচারণার পুরো সময় বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের প্রতি বিভিন্ন বিরূপ মন্তব্য ও বিষোদাগার করতে দেখা গেছে। এর প্রতিউত্তরে মির্জা আব্বাস ধৈর্য ধরে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বাস্তবিক অর্থে, এখানকার বাসিন্দা হিসেবে তিনি ভোটের মাঠে রাজনৈতিক দক্ষতা ও নানা কারণে এগিয়ে থাকবেন।

ঢাকা-৯
রাজধানীর সবুজবাগ, মতিঝিল, ডেমরা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। এ আসনে এক ডজন প্রার্থীর মধ্যে তিনজন আলোচনায় রয়েছেন। অনেকের মতে, দেশের সবচেয়ে সুন্দর নির্বাচনি প্রচার-প্রচারণা হয়েছে এ আসনে।এখানে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এছাড়া ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী হিসেবে এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া রাসিনও মাঠে রয়েছেন।

ঢাকা-১১
এ আসনে ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী, এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী ড. এমএ কাইয়ুম। শুরু থেকে প্রচারণা স্বাভাবিক থাকলেও শেষ মুহূর্তে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নাহিদ ইসলাম। তবে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ওই রিট খারিজ করেন। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে ড. এমএ কাইয়ুমের কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

ঢাকা-১৩
ঢাকা-১৩ আসনে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধসহ শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের অঙ্গীকার নিয়ে এক মঞ্চে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন নয় প্রার্থী। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, বাসদ মনোনীত প্রার্থী খালেকুজ্জামান, গণঅধিকার পরিষদের প্রার্থী মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহরিয়ার ইফতেখার, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়া, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মো. শাহাবুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা।

স্থানীয়দের ভাষ্য, এ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হকের রিকশা প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

ঢাকা-১৪
ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গুমের শিকার ব্যক্তিদের পরিবার নিয়ে গড়ে ওঠা ‘মায়ের ডাক’ সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, গুম ফেরত মীর আহমাদ বিন কাসেম আরমান।এ আসনের ভোটারদের কাছে দুজনই বেশ জনপ্রিয়। সম্প্রতি গণভবনে নির্মাণাধীন জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে তাদের একসঙ্গে দেখা যায়। সে সময় যিনি জয়ী হবেন, তার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন দুজন।

ঢাকা-১৫
‘ন্যায়-ইনসাফ’ প্রতিষ্ঠার বার্তা দিয়ে দীর্ঘদিন ঢাকা-১৫ আসনে প্রচারণা চালিয়েছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী, জামায়াতের আমীর শফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। মিরপুর ও কাফরুল এলাকা নিয়ে গঠিত এই আসনে দুজনের লড়াই ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে চাঙ্গাভাব দেখা গেছে। এলাকাবাসীর ধারণা, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এ দুজনের মধ্যেই।

ঢাকা-১৭
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত এ আসনে যেমন অভিজাত এলাকা রয়েছে, তেমনি আছে বস্তি এলাকাও। একদিকে বারিধারা, ডিওএইচএস ও নিকেতনের বিত্তশালী ভোটার, অন্যদিকে ভাসানটেক, কড়াইল ও মহাখালীর বস্তিবাসীর ভোট। এ আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় আসনটি ঘিরে সারাদেশের নজর। তার বিপরীতে রয়েছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী জামায়াত নেতা ডা. এসএম খালিদুজ্জামান, যিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়