ছবি: আপন দেশ
আজ ১২ ফেব্রুয়ারি। সকাল থেকেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। ভোর থেকে প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। তবে অনেক কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন সকাল ৬টা থেকেই। সরেজমিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ও নারী উভয় লাইনেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা ৪৬ বছর বয়সী রহিমা খাতুন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনে দ্বিতীয়বার ভোট দিলাম। আগের কয়েকবার পরিবেশ ছিল না বলে আসিনি। এবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। পরিবেশ খুব সুন্দর।
সকাল থেকেই বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় ভোট দিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনের অনেক জ্যেষ্ঠ নেতা সকাল ৮টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদান শেষে তারা সাংবাদিকদের বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ নির্ভয়ে ভোট দিতে পারছেন, এটি গণতন্ত্রের জয়।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিপুল সংখ্যক সেনাসদস্য মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের বিশেষ নজর রয়েছে। কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আডো সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে বলেন, আমি যতদূর দেখেছি, সবকিছু অত্যন্ত মসৃণভাবে চলছে। ভোটারদের স্বতঃস্ফূর্ততা প্রশংসনীয়। আশা করি দিনভর এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন। সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোকে ভাগ করা হয়েছে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১,৫০৬টি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































