Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

ফাইল ছবি।

নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে নজিরবিহীন কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দান, ভয়ভীতি প্রদর্শন কিংবা ভোট কেনাবেচার মতো অপরাধ দমনে এবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ নজরদারি চালানো হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার নির্বাচনের দিন আকাশপথে ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। দুর্গম এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোর আশেপাশে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে কোনো সন্দেহভাজন জটলা বা বিশৃঙ্খলা দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ফলে ভোটকেন্দ্রের বাইরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে কমিশন।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট কেনাবেচা ও জাল ভোট দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আর্থিক প্রলোভন দেখিয়ে কোনো ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। জাল ভোট প্রদানের চেষ্টা করলেই ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে শাস্তির নির্দেশ দেয়া হয়েছে।

মাঠ পর্যায়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে ও প্রমাণ সংগ্রহ সহজ করতে পুলিশ সদস্যদের পোশাকে থাকবে 'বডি ওর্ন ক্যামেরা' বা গোপন ক্যামেরা। ভোটারদের বাধা দেয়া বা অর্থ লেনদেনের কোনো ঘটনা এসব ক্যামেরায় রেকর্ড হলে, তা অকাট্য প্রমাণ হিসেবে গণ্য করে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়