ছবি: আপন দেশ
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মাঠ পর্যায়ে জামায়াতে ইসলামী বিপুল পরিমাণ টাকা ছড়াচ্ছে। এ অভিযোগ তুলেছে বিএনপি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ জানায় বিএনপির একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, সম্প্রতি কয়েকটি অত্যন্ত উদ্বেগজনক ও অপছন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা মনে করেছি শুধু আমাদের নয়, সারাদেশের মানুষের কাছেই এগুলো অগ্রহণযোগ্য। তাই নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো আমাদের দায়িত্ব যাতে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত না হয়।
তিনি বলেন, সৈয়দপুর এয়ারপোর্টে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতার কাছে টাকা পাওয়াটা প্রশ্নবিদ্ধ। লক্ষ্মীপুরেও একই ঘটনা। বিভিন্ন জায়গায় এ ধরনের রিপোর্ট আছে। জামায়াতের নেতাদের টাকা ছড়ানোর তথ্য ছড়িয়ে পড়েছে। এ রকম নিউজ ও ভিডিও ইসিতে জমা দিয়ে আইন মোতাবেক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়েছে।
এর আগে বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটকের পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দেশের আরও কয়েকটি জায়গায় জামায়াত নেতাকর্মীর কাছ থেকে টাকা উদ্ধারের খবর এসেছে। ভোটারদের টাকা ছড়ানোর অভিযোগে এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামায়াত নেতাকে কারাদণ্ডের খবরও এসেছে।
যদিও সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা নিয়ে জামায়াতের মুখপাত্র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচন সামনে রেখে একদল লোক বিভিন্ন ধরনের সাজানো ঘটনাগুলো দিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা আমির (বেলাল উদ্দিন প্রধান) ঢাকা থেকে আজ (বুধবার) গিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে একটি সাজানো নাটক করেছে। তিনি (জেলা আমির) তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, ‘আমার ব্যবসার জন্য আমি যাতায়াত করি। ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হবে।’ এজন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল।
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা ছাড়াও লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার পাথরঘাটা, নোয়াখালী, রাজশাহীর গোদাগাড়ী, ময়মনসিংহের ধোবাউড়া, কক্সবাজারের রামু এবং বগুড়ার কাহালুতে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে ‘নগদ টাকা বা বিভিন্ন সামগ্রী বিতরণের’ অভিযোগ করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
ব্রিফিংয়ে তিনি বলেন, এরকম বেশকিছু নিউজ ও ভিডিও আমরা নির্বাচন কমিশনের ওনাদের কাছে দিয়েছি। আমরা বলেছি, আইন অনুযায়ী যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া দরকার আপনারা সে ব্যবস্থা নেন।
সিইসির সঙ্গে সাক্ষাতে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন রিমন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































