Apan Desh | আপন দেশ

নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি

ফাইল ছবি, আপন দেশ

রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দলনেতা টাকার বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আনসার বাহিনী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণবিহীন হওয়ার পরও নির্বাচনী দায়িত্ব পান।

বিষয়টি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় তাদেরও দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। দুর্নীতিতে জড়িত যে কাউকেই তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে বলেও জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

আরও পড়ুন<<>>টাকা জব্দের ব্যাখ্যা দিলেন এ্যানি চৌধুরী

তার আরও জানিয়েছে, রাজধানীর গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মৎ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সম্প্রতি হাতিরঝিলের ঘটনার অভিযোগ পাওয়ার পর নিবিড় তদারকি চালিয়ে এ দুর্নীতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন।

পরে দায়িত্ব দেয়ার নামে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা হারে উৎকোচ নেয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুন বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, নির্বাচনী দায়িত্বের জন্য শুধু শারীরিক সক্ষমতা নয়, বৈধ সনদ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতাও বাধ্যতামূলক।

ভুয়া সনদধারী, অযোগ্য বা প্রভাবিত ব্যক্তির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ দেয়া হবে না। এবার ভোটের মাঠের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে আনসারের সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়