ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, পুরো নির্বাচন প্রক্রিয়া হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমের জন্য নির্বাচন প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন আয়োজনকে ঘিরে সমন্বিত ও বহুমাত্রিক প্রস্তুতি নেয়া হয়েছে। আইন সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে নিয়মিত সংলাপ এবং পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে আস্থা ও অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালায় সংশোধন এনে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও শক্তিশালী করা হয়েছে।
ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে সিইসি জানান, দেশব্যাপী কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর মধ্যে ২৭ লাখ নারী ভোটার। সব মিলিয়ে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭০ লাখের বেশি। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবং এ প্রক্রিয়ায় জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী অংশীদার সহায়তা দিয়েছে।
আরও পড়ুন <<>> কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম
নির্বাচনের দিনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, একাধিক ধাপের যাচাই-বাছাই শেষে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে এবং কেন্দ্রভিত্তিক বিতরণ কার্যক্রম চলছে। পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সব শ্রেণি-পেশা ও বয়সের ভোটারদের ভোটদানে অংশ নেয়ার আহবান জানিয়ে সিইসি বলেন, লিঙ্গ, বয়স বা সামাজিক পটভূমি নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে।
গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, শুরু থেকেই স্বচ্ছতাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। কোথাও কোনো অনিয়ম বা বিচ্যুতি হলে তা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
নির্বাচন কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সিইসি বলেন, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































