Apan Desh | আপন দেশ

সচিবদের সঙ্গে বৈঠকে যা বললেন প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সচিবদের সঙ্গে বৈঠকে যা বললেন প্রধান উপদেষ্টা 

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুইদিন বাকি আছে। আগে প্রায় ৭০ জন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি বিগত নির্বাচনের ওপর সমালোচনা করেন। এছাড়া এবারের ভোটকে ঐতিহাসিক ও স্বচ্ছ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, স্পিচটি রেস্ট্রিক্টেড ছিল। তবুও প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়গুলোকে তুলে ধরেছেন। তিনি বলছেন, আগের নির্বাচনগুলো আসলে ফেক বা মকারি ছিল। এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। মাত্র দুইদিন বাকি, আমরা লক্ষ্যপূরণে প্রায় পৌঁছে গেছি। এটি রাজনৈতিক কাঠামোয় অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।

প্রধান উপদেষ্টা এবারের নির্বাচনে প্রবাসীদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকে উল্লেখযোগ্য অর্জন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা যেমন বলিষ্ঠ ছিল। এবার তাদের অংশগ্রহণ দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি বিদেশ থেকে আগত পর্যবেক্ষকদের উপস্থিতিকে বাংলাদেশের গণতন্ত্রের ওপর বিশ্ববাসীর আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

ড. ইউনূস পূর্ববর্তী তিনটি জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। সেগুলোকে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শেখ হাসিনার আমলের ওই নির্বাচনগুলোর জনভিত্তি ছিল না, আন্তর্জাতিক পর্যবেক্ষকও আসেননি। এবার পরিস্থিতি ভিন্ন। নির্বাচনী প্রচারণায় বড় কোনো উত্তেজনার খবর নেই। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালাচ্ছে।

প্রধান উপদেষ্টা সচিবদের জানান, ভোটকে অবাধ ও সুষ্ঠু করতে আধুনিক প্রযুক্তি সর্বোচ্চভাবে ব্যবহার করা হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ২৫ হাজার ৭০০ বডি-ওর্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। সব কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থাও রয়েছে। ভোটার সুবিধার্থে চালু করা হয়েছে ‘নির্বাচন’ ও ‘নির্বাচন বন্ধু’ অ্যাপ। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তির এ ব্যবহার নির্বাচনকে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করবে।

আরও পড়ুন <<>> ‘ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিতে বাধা নেই’

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা দাবি করেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরে আসবে না। তিনি জানান, জাপানের সঙ্গে ইপিএ চুক্তি অর্থনীতির নতুন দ্বার খুলবে। ভবিষ্যতে আরও দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে। যা তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা সচিবদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিগত ১৮ মাসে রাষ্ট্র সংস্কারে সচিবরা আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। এ সময়ে প্রায় ১৩০টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করা হয়েছে, যার জন্য সচিবদের বিশেষ ধন্যবাদ জানান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিবের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা সচিবদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়