ছবি: আপন দেশ
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী আখেরী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ‘হরিণ’ প্রতীকের এ মিছিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। পুরো টাঙ্গাইল শহর তখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল টাঙ্গাইলবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আপনাদের এ ভালোবাসা ও সমর্থনে আমি সত্যিই অভিভূত। টাঙ্গাইল সদরের প্রতিটি এলাকা থেকে মানুষ এ মিছিলে অংশ নিয়েছে। তিনি মানুষের হাতে হরিণ প্রতীকের প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখে জয়ের আশা প্রকাশ করেন।
নির্বাচিত হতে পারলে টাঙ্গাইলকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দেন ফরহাদ ইকবাল। তিনি বলেন, আমার প্রধান লক্ষ্য হবে টাঙ্গাইলকে একটি শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তোলা। এখানে কোনো দখলদারিত্বের স্থান হবে না। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
সমাবেশে ফরহাদ ইকবাল এক গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী পক্ষ বাইরে থেকে লোক এনে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তিনি প্রশাসনকে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
নেতাকর্মীদের ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন ফরহাদ ইকবাল। তবে তিনি সবাইকে ধৈর্য ধরার এবং ভয় না পাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ সব অপশক্তির জবাব দেবে। সমাবেশে শহর বিএনপির সাবেক সভাপতিসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































