ছবি: আপন দেশ
একটি মহল নকল ব্যালটের সিল তৈরি করার চেষ্টা করছিল এবং ধরা পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগানে নির্বাচনি জনসভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এ নির্বাচন কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নয়, দেশ গঠনের নির্বাচন। তাই জনগণকে সতর্ক থাকার আহবান জানালেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এ ঘোষণা দেন তারেক রহমান।
বিদেশে যেতে ইচ্ছুক দক্ষ কর্মীদের সহায়তার কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, অনেককে বিদেশ যেতে ভিটেমাটি বিক্রি করতে হয়। বিএনপি ক্ষমতায় গেলে কাউকে জমি বিক্রি করতে হবে না। সরকার তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে। যা পরে কর্মসংস্থান থেকে ধীরে ধীরে পরিশোধ করা যাবে।
তারেক রহমান আরও জানান, নির্বাচিত হলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এ ছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম-মোয়াজ্জিনসহ সকল ধর্মগুরুর জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে। তিনি দুর্নীতির লাগাম টেনে ধরা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। জনসভায় উপস্থিত হাজারো কর্মী-সমর্থক ধানের শীষে ভোট দেয়ার অঙ্গীকার করেন।
একই জনসভায় ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, ১৭ বছর রাজপথে লড়াই করে আমরা ভোটের অধিকার পেয়েছি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, একটি মহল বিশেষ গোষ্ঠীকে জেতাতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা করছে। তিনি পোলিং সেন্টার পাহারা দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন।
এর আগে ঢাকা-১০ আসনের জনসভায় তারেক রহমান বলেন, একটি মহল নকল ব্যালটের সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। তিনি গণতন্ত্রকামী মানুষকে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ দেন। জনগণের ভাগ্যের পরিবর্তন করতে সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































