ছবি: সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। এ হামলার পেছনে চারটি কারণও তিনি চিহ্নিত করেছেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ হামলার চারটি কারণ চিহ্নিত করেন দীপ্তি চৌধুরী।
স্ট্যাটাসে দীপ্তি চৌধুরী লেখেন, আজমেরী হক বাঁধনের অপরাধ- একটি গণঅভ্যুত্থানে তার একটি স্ট্যান্ড পয়েন্ট ছিল। যা ছবির লোকগুলোসহ আরও হাজার হাজার মানুষের আদর্শের সঙ্গে মেলেনি। বাঁধন রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে রাজপথে ছিল, প্রোফাইল লাল করেছিল। বাঁধন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই। বাঁধন বেডি মানুষ; তাই সে সবচেয়ে সহজ টার্গেট।
হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, বর্তমানে যারা সরকারে তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। কিন্তু জুলাই জঙ্গি গালি খেতে হয় আমাদের মতো রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিককে।
দীপ্তি অভিযোগ করে বলেন, আমাদের বড় আন্দোলনের সাপোর্ট হিসেবে সাবাস বলা যায়, সহযোদ্ধা হিসেবে আগলে রাখা যায় না।
আরও পড়ুন <<>> কলম থেমে গেল, খবরের আড্ডা নীরব-চিরবিদায় কাজিম রেজা
জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দীপ্তি। তিনি লেখেন, দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।
জানা যায়, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তার ভাই ও ভাইয়ের পরিবারের সঙ্গে সেখানে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
উল্লেখ্য, ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টায়, বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































