Apan Desh | আপন দেশ

একাদশ শ্রেণির তৃতীয় ধাপের ভর্তি আবেদনের সময় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৭, ১৭ অক্টোবর ২০২৬

একাদশ শ্রেণির তৃতীয় ধাপের ভর্তি আবেদনের সময় প্রকাশ

ফাইল ছবি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছে। এ লক্ষ্যে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সময়সূচি প্রকাশ করেছে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সময়সূচি প্রকাশ করেন।

বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তৃতীয় ধাপে আবেদন গ্রহণ করা হবে ২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ৩০ অক্টোবর রাত ৮টায়।

শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে) নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।

পছন্দক্রম অনুযায়ী শুধুমাত্র তৃতীয় ধাপে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। ভর্তি চলবে ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত।

এতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সর্বশেষ তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইট: (https://xiclassadmission.gov.bd) তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।

আরও পড়ুন <<>> দেশে প্রথমবার শনাক্ত হলো নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে তৃতীয় ধাপকে সর্বশেষ ধাপ বলে গণ্য করা হবে। অতএব সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের অত্যন্ত সতর্কতার সাথে সর্বশেষ এ ধাপে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। সঠিকভাবে আবেদন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আগে নিশ্চায়নকৃত শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে চাইলে আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) স্ব স্ব বোর্ডে গিয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে সর্বশেষ তৃতীয় ধাপে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে। যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি।

বিজ্ঞপ্তিতে আরও যেসব শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি সর্বশেষ তৃতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র তাদের অনলাইন আবেদন ফি ২২০টা জমা দিতে হবে না।

এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন/এডিট সম্পন্ন করতে হবে। 

সর্বশেষ তৃতীয় ধাপে আবেদনে কোটা নির্ধারণের ক্ষেত্রে কোটার যোগ্যতা বুঝে আবেদন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেয়া এবং সিলেকশনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ করা যাচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়