ফাইল ছবি
রাজধানীর উত্তরায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরের দিকে উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনের বিআরটি লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
পুলিশ জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ বড় পর্দায় দেখে মোটরসাইকেলে টঙ্গীর বাসার উদ্দেশ্যে রওনা হন দুই সাংবাদিক। তারা বিআরটি লেন দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন<<>>সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, বিএফইউজের নিন্দা-প্রতিবাদ
বৃহস্পতিবার (১৬ জুলাই) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল ও আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার ফুটেজ পাওয়া যায়নি। তবে বিআরটি লেনের অন্য অংশে কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর জানান, পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিহত দুই সাংবাদিকের মরদেহ তাদের স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































