ছবি: ফাইল ছবি
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনি নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) উপজেলার চিমটিবিল খাস সীমান্তের শূন্যরেখার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম, সোহাগ মিয়া (২০)। তিনি চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে পড়ে থাকতে দেখে তারা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আব্দুল কাদিরের দাবি, প্রতিদিনের মতো সোহাগ সকালে সীমান্ত এলাকায় গরু চরাতে গিয়েছিলেন। এসময় গরু ভারতের অভ্যন্তরে চলে গেলে সেটি আনতে গিয়ে বিএসএফের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন <<>> রাষ্ট্রপতির আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সোহাগের মৃত্যুর ঘটনায় বিএসএফ গুলি করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি বলে, তিনি ভারতীয় সীমান্তের বেশ ভেতরে চলে গিয়েছিলেন। ওই এলাকাটি পাহাড়ি ও জঙ্গলঘেরা হওয়ায় সেখানে আন্তঃকোন্দল কিংবা ভারতীয় চোরাকারবারি বা দুষ্কৃতকারীদের কারও গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে সময় প্রয়োজন।
চুনারুঘাট থানার এসআই তারেক নাজির বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































