ছবি: আপন দেশ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে হাজির হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারওয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
রোববার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে মন্ত্রীর আকস্মিক আগমনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা শুরু হয়।
হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন। রোগীদের খাবারের মান এবং হাসপাতালের শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়েও তিনি বিস্তারিত জানতে চান।
পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখানোর পাশাপাশি চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
আরও পড়ুন<<>>হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ যে কারণে
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই সংশ্লিষ্ট ডিরেক্টর জেনারেলকে (ডিজি) ফোন করে ওই নার্সকে সদরপুরে বদলির নির্দেশ দেন।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। একই সঙ্গে স্থানীয় মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে জরুরি ভিত্তিতে একজন গাইনি চিকিৎসক ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে পরিদর্শনের শেষ পর্যায়ে হাসপাতালে উপস্থিত হন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ওসি মোহাম্মদ শফর আলী।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ১৫১ শয্যায় উন্নীতকরণ ও বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের ঘোষণা দ্রুত বাস্তবায়ন হলে চরভদ্রাসন ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































