Apan Desh | আপন দেশ

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘বাংলার চৈত্র’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৯, ৫ এপ্রিল ২০২৬

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘বাংলার চৈত্র’

ছবি : আপন দেশ

বাংলার চৈত্র

চৈত্রের বাতাসে এখনো প্রাণ আছে।
প্রভাতের অস্পষ্ট আলো আঁধারে পাখিদের গানে ভরে যায় শুষ্ক মন,
এক অদ্ভুত সুখ খেলা করে হৃদয়ে!
এখনো ছাঁয়ায় বসে নিঃশ্বাসে স্বস্তির বাতাস
খুঁজে পাই জীবনের স্বপ্নহীন শীতলতার অনুভব।

ক্ষুধার্ত পেটে ধুলিমাখা কুকুরের অলসতা, কী শান্ত তার ক্ষুধার জ্বালা!
অথচ সামাজিক কোটিপতিদের ক্ষুধা আজ আকাশ ছোঁয়া উঁচু
যেনো গিলে ফেলবে আস্ত একটা মানচিত্র!

আমি আর এক বিস্তীর্ণ ফসলের মাঠ,
শ্যামল ছায়ায় মৃদু বাতাসে ঢেউয়ের মতো নৃত্য করে ধান ক্ষেত।
কোনো ব্যস্ততা নেই এই নির্জনতায়,
সোনালী রোদ ডানায় মেখে ধান ক্ষেত ছুঁয়ে উড়ে যায় সাদা বক,
মাছের সন্ধানে নাগরের ডুমুর ডালে মাছরাঙা অপেক্ষায়।

আমার অপেক্ষা শুধু তোমারই জন্য
আরো দীর্ঘ, আরো দুর্বিষহ অস্থিরতা বুক চেপে আছে,
ঠিক তোমাকে ছুঁয়ে দেখা পর্যন্তই!

কলা পাতা বাতাসের ভারে নেচে যায় এপাশ ওপাশ,
সন্ধ্যার কালো ছায়ায় মনে হয় এক ভূতের মুখোমুখি দাঁড়িয়ে আছি,
আর কয়েক জোড়া হাত আমাকে লক্ষ্য করে ভৌতিক নাচে মেতেছে।

শান্ত জলে অলস পাতিহাঁস শরীরে মুখ গুঁজে সুখের ঝিমুনি,
এই প্রকৃতির মাতৃগর্ভে কোনো খেলা ঘরের জটিল ছক নেই
রাজনীতি, অর্থনীতি, বুদ্ধিজীবীদের তর্কবিতর্ক আর খ্যাতির কোনো পক্ষ প্রতিপক্ষ নেই,
আছে স্বচ্ছ জীবনের মৌলিক আকাঙ্ক্ষা,
যেখানে তুমি ছাড়া আর কোনো মানুষের প্রয়োজন নেই,
বরং একাকীত্বের মাঝে আছে প্রাকৃতিক অনাবিল পূর্ণতার আনন্দ।

যে কিশোরীটি গরুর দড়ি হাতে নিয়ে কেবলই সবুজ মাঠ পেরোলো,
এমনই দৃশ্যের জন্য হয়তো এই ক্ষেত অপেক্ষায় থেকেছে,
যে কৃষক নিজ ফসলি জমিতে মায়ার টানে ফিরে আসে রোজ,
হয়তো এই মাঠ এমনই এক দৃশ্যের জন্য নিজেকে প্রস্তুত করে ফসলে,
যে নদীটি এখনো মারা যায়নি, হয়তো এমন দৃশ্যের টানে গ্রাম বাংলায় কবিদের উত্থান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়