Apan Desh | আপন দেশ

আদালত অবমাননায় ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৪, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:০৪, ২৩ নভেম্বর ২০২৬

আদালত অবমাননায় ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

ছবি: আপন দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে তাকে নির্দেশ দিয়ে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। 

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে তার বক্তব্যের ব্যাখ্যা শোনা হয়। শুনানিতে আদালত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। আদালতের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক সম্মান অক্ষুণ্ণ রেখে বক্তব্য দেয়ার বিষয়ে তাকে সতর্ক করা হয়।

শুনানিতে ফুয়াদ তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা উপস্থাপন করেন। তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের ক্ষেত্রে শব্দচয়নে সতর্ক থাকার নির্দেশনা দেন।

আরও পড়ুন <> নির্ধারিত সময়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আপিল বিভাগ

গত ২৮ অক্টোবর একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।

এরপর গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্ব-প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন। একই সঙ্গে ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় নির্ধারিত দিনে হাজির হতে পারেননি ফুয়াদ। সেদিন তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিউর রহমান সময়ের আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

নির্ধারিত দিনে সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ট্রাইব্যুনালে হাজির হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পরে আদালত অবমাননার নোটিশের বিষয়ে তার ব্যাখ্যা শোনেন ট্রাইব্যুনাল।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়