ছবি : আপন দেশ
জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করেছে আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে মামলাটি করা হয়। মামলার এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগবিতণ্ডা ও হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন <<>> সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেফতার
এছাড়া সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেয়ায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে এজাহারে।
এর আগে শুক্রবার (০২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানার ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
শনিবার (০৩ অক্টোবর) তাকে এক দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































