ফাইল ছবি
বরিশালে হামলার শিকার হয়েছেন অ্যাডভোকেট নাদিমা মোহাম্মদী খান (৩৯)। তিনি মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাতে বরিশাল নগরীর সদর রোডে জেড আই খান পান্নার পারিবারিক বাড়িতে এ ঘটনা ঘটে।
নাদিমা খানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নাদিমা খানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সংগঠনটির সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বার্তায় এ আহবান জানানো হয়।
আরও পড়ুন <<>> ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড
এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৮ জুলাই বরিশালে নিজ বাসভবনে অবস্থানকালে সংঘবদ্ধভাবে নাদিমা খানের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি আহত হয়েছেন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় বরিশাল সদর থানায় একটি মামলা হয়েছে। এরই মধ্যে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, একজন তরুণ মানবাধিকারকর্মীর ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তি ও অধিকারকর্মীদের জন্যও উদ্বেগজনক বার্তা বহন করে। এ ধরনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































