ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করছে জেলেরা। এ ঘটনায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় আটক জেলেদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মেঘনা নদীতে ইলিশ শিকারে যান। দিনব্যাপী মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযানে ৩৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা ১ লাখ ২০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া চারটি মামলায় আটক ৩৪ জেলেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন <<>> ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মেঘনা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেয়া হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































