ফাইল ছবি
ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৯ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহেল রানা ওরফে কালু ও মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম ওরফে নজু।
রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. খলিলুর রহমান (খলিল) বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ের বিচারক বলেন, আসামিরা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকের একাধিক মামলা রয়েছে। একজন সম্ভাবনাময় শিক্ষিত যুবককে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাতের মাধ্যমে নির্মমভাবে খুন করা হয়েছে। আসামিরা সর্বোচ্চ শাস্তি পেতে হকদার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ২২ জুন ভোর সোয়া ৪টার দিকে ভুক্তভোগী শফিক বগুড়া থেকে এস.আর পরিবহনে ঢাকা কল্যাণপুর বাসস্ট্যান্ডে নেমে তার বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশে রওনা করেন।
এশিয়া সিনেমা হলের সম্মুখে পৌঁছালে তিনজন আসামি ছিনতাইয়ের উদ্দেশে তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়।
সে সময় ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন <<>> শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত
এ ঘটনায় নিহতের বাবা মো. আকবর আলী বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর আসামি মো. সোহেল রানা ওরফে কালুকে গ্রেফতার করে পুলিশ। এরপর সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
২০০৬ সালের ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মো. রেজাউল করিম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তী সময়ে একই বছরের ২৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































