Apan Desh | আপন দেশ

রিমান্ড শেষে কারাগারে আয়াস-রিমি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৮, ১৪ অক্টোবর ২০২৬

রিমান্ড শেষে কারাগারে আয়াস-রিমি

ছবি : আপন দেশ

‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস (২৭) ও মারজিয়া খন্দকার রিমিকে (২৬) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেয়ার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১২ অক্টোবর) ঢাকার মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন এ আদেশ দেন।

গত ১১ অক্টোবর আয়াস রিমিসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেন। যার মধ্যে সাকিবুল হাসান (১৯) ও নূর মোহাম্মদ আয়াসের (২৭) তিন দিন রিমান্ড দেয়া হয়। এছাড়া মো. সুজন মিয়ার (১৮) ও মারজিয়া খন্দকার রিমির (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন একটি আদালত। এর মধ্যে সাকিব ও সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) আয়াশ ও রিমিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আবদুল গাফফার হিমেল।

আসামিপক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানিকালে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে বিচারক এজলাস ছাড়েন। তবে উভয়পক্ষের সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাতের হকার উচ্ছেদের ধারাবাহিকতায় শিল্পকলা অ্যাকাডেমির বিপরীত পাশে গণপূর্তের সীমানা প্রাচীরে বাংলাদেশ শিল্প, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করা হয়।

গত ৯ অক্টোবর আসামি আল নূর মোহাম্মদ আয়াস ওই গ্রাফিতিতে চুনকালি দেয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন <<>> হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার

এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা সেখানে জড়ো হন। আসামি সাকিবুল হাসান সেখানে উসকানিমূলক বক্তব্য দেন।

অন্যদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি বলেন, আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। এ নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না। এ কথা বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি মেখে দেন।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক এবং ২৯৫ক ধারায় শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়