ফাইল ছবি
ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত সাতজন।
শুক্রবার (২৩ অক্টোবর) জেলার কানাইপুর ও মধুখালীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর থেকে ফরিদপুরের দিকে একটি অটোরিকশা ফিরছিল। সে সময় উল্টো দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও একটি প্রাইভেট কারের ওপর উল্টে পড়ে। এতে যানবাহন দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন হতাহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমি বেগম ও তার ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেট কারের চার যাত্রী আহত হন।
অন্যদিকে, একই দিন দুপুরে ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতু সংলগ্ন এলাকায় ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
নিহতদের মধ্যে রাব্বি (২১) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্য নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে সাগর বিশ্বাস (২২) ও রিয়া (২১) রয়েছেন।
আরও পড়ুন <<>> পরিবেশের ভারসাম্য রক্ষায় ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রাথমিকভাবে জানা গেছে, হতাহত ব্যক্তিরা সবাই মাগুরা সদর উপজেলার বাসিন্দা এবং শিক্ষার্থী। তারা ফরিদপুরে রেড ক্রিসেন্টের একটি রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে মাগুরায় ফিরছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় কানাইপুরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেও হচ্ছে।
অন্যদিকে, ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম জানান, মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































