Apan Desh | আপন দেশ

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২২, ১৪ অক্টোবর ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার

ছবি: আপন দেশ

রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই মো. আবু সালেহ আসামিকে আদালতে উপস্থিত করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সুলতান মোহাম্মদ মনসুরকে এ মামলায় গ্রেফতার না দেখানোর আবেদন করেন। 

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর রাজধানীর কলাবাগান এলাকার লেক সার্কাসের ১ নম্বর সড়কের মাথা থেকে বাদী মুশফিকুর রহমানকে কয়েকজন ব্যক্তি গাড়িতে তুলে নিয়ে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। 

আরও পড়ুন <> ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে ইনুর আপিল

পরে তাকে হাজারীবাগের একটি ট্যানারির গুদামে তাকে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেয়া হয় এবং পরিচিত ব্যক্তিদের ফোন নম্বর দিতে চাপ দেয়া হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, বাদীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়ার পর ৫ ডিসেম্বর সকালে তাকে ছেড়ে দেয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় হামলা, গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জের অভিযোগও উল্লেখ করা হয়েছে। 

এসব ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ইন্ধন ও নির্দেশনা থাকার অভিযোগ আনা হয়েছে। 

এ মামলায় শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে ভুক্তভোগী মুশফিকুর রহমান আবির বাদী হয়ে মামলা দায়ের করেন। 

ঘটনার সময় হাজারীবাগ থানায় মামলা দায়ের চেষ্টা করা হলেও তখন পুলিশ মামলা নেয় নাই বলে উল্লেখ করেন। 

পরবর্তী ২০২৫ সালে ১২ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা দায়ের করেন তিনি।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়