Apan Desh | আপন দেশ

৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৮, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ২১:০০, ২৪ মার্চ ২০২৬

৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

ফাইল ছবি

মানব পাচার মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও রক্ষীবাহিনীর সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানির সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, এক সময় যাকে নির্যাতন করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী।

ডিবি সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সুনির্দিষ্ট মানব পাচার মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত এগিয়ে নিতে এবং সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানানো হয়।

এর আগে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। ফেনীতে দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা ছিল।

ডিবিপ্রধানের নেতৃত্বে একটি দল রাজধানীর বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

আরও পড়ুন <<>> মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

রাজনৈতিক জীবনেও তিনি সক্রিয় ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে দল পরিবর্তন করেন।

এ রক্ষীবাহিনীর সদস্য এক-এগারোর সময় আলোচনায় আসেন। পরে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি জনশক্তি রফতানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়