Apan Desh | আপন দেশ

বাংলাদেশসহ ৬০ দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৫, ৩ জুন ২০২৬

বাংলাদেশসহ ৬০ দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছবি সংগৃহীত

বাধ্যতামূলক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ অন্তত ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় এ প্রস্তাব করেছে। এক সরকারি নথির বরাত দিয়ে মার্কিন প্রশাসনের এ পরিকল্পনার কথা জানা গেছে।

বুধবার (০৩ জুন) ভোরে প্রকাশিত ইউএসটিআর-এর এক প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধকরণের আইন কার্যকর করতে ব্যর্থ হওয়ায় ৬০টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয়া হয়।

শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। এ কারণেই এমন প্রস্তাব দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ প্রস্তাব প্রকাশ করে। এটি ধারা ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত একটি তদন্তের সর্বশেষ ফলাফল। এমন সময়ে এ প্রস্তাব দেয়া হলো, যখন ট্রাম্প প্রশাসন তার জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ওই শুল্কব্যবস্থা বাতিল হয়েছিল।

ইউএসটিআর জানিয়েছে, জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তের পরিপ্রেক্ষিতে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাণিজ্য সংস্থাটি আরও জানিয়েছে, তদন্তাধীন বাকি ৪৫টি দেশের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়