Apan Desh | আপন দেশ

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০২, ১৯ মে ২০২৬

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন

ছবি : সংগৃহীত

ইউরোপীয় গোয়েন্দা সংস্থা ও বার্তা সংস্থা রয়র্টাসের হাতে আসা গোপন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে গোপনে প্রায় ২০০ রুশ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে চীন। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ফিরে গেছেন।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে চীন নিজেকে নিরপেক্ষ ও শান্তি মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছিল। যদিও দুই দেশ একাধিক যৌথ সামরিক মহড়া চালিয়েছে, নতুন এ তথ্য ইঙ্গিত করছে যে বেইজিং এখন আগের চেয়ে অনেক বেশি সরাসরি এ যুদ্ধে সম্পৃক্ত হচ্ছে।

রয়টার্সের পর্যালোচনা করা এক রুশ-চীনা দ্বিপাক্ষিক চুক্তিপত্র অনুযায়ী, ২০১৫ সালের জুলাইয়ে বেইজিংয়ে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ চুক্তি সই হয়। চুক্তিতে বলা হয়, বেইজিং ও নানজিংসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে রুশ সেনাদের ড্রোন প্রযুক্তি, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাঁজোয়া পদাতিক কৌশলে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।

বিনিময়ে শত শত চীনা সেনারও রাশিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নেয়ার কথা ছিল। চুক্তিতে এ কার্যক্রম গোপন রাখার বিষয়েও কঠোর নির্দেশনা দেয়া হয়েছিল। গণমাধ্যম বা তৃতীয় পক্ষের কাছে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা ছিল।

ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইউক্রেন যুদ্ধে ড্রোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে। রাশিয়ার যুদ্ধের অভিজ্ঞতা থাকলেও ড্রোন প্রযুক্তিতে চীনের উন্নত জ্ঞান ও ফ্লাইট সিমুলেটরভিত্তিক প্রশিক্ষণ রুশ সেনাদের নতুন কৌশল আয়ত্ত করতে সহায়তা করেছে।

প্রশিক্ষণ নেয়া রুশ সেনাদের একটি বড় অংশই ছিলেন উচ্চপদস্থ সামরিক প্রশিক্ষক। দেশে ফিরে তারা অন্য সেনাদেরও এ কৌশল শেখাচ্ছেন বলে জানা গেছে।

গোয়েন্দা সংস্থাগুলো আরও জানিয়েছে, ডনবাস ও জাপোরিঝিয়ার মতো অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে ড্রোননির্ভর যুদ্ধে অংশ নেয়া কয়েকজন রুশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের পদমর্যাদা জুনিয়র সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত।

আরও পড়ুন <<>> যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান

রয়টার্সের হাতে আসা রুশ সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণে ৮২ মিলিমিটার মর্টার পরিচালনা, লক্ষ্য শনাক্তে ড্রোন ব্যবহার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার রাইফেল দিয়ে শত্রু ড্রোন ভূপাতিত করা এবং নেট ছুড়ে ড্রোন আটকানোর মতো আধুনিক যুদ্ধকৌশল শেখানো হয়েছে।

এছাড়া নানজিংয়ের একটি সামরিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রুশ সেনাদের মাইন স্থাপন ও নিষ্ক্রিয় করার বাস্তবভিত্তিক প্রশিক্ষণও দেয়া হয়েছে। এ সংক্রান্ত কিছু ছবিও সামনে এসেছে।

যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি রাশিয়া বা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সংকটে বেইজিং সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং বিশ্ব সম্প্রদায় তা জানে।

চীনের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সংঘাতকে উসকে দেয়া বা অন্যের ওপর দায় চাপানো উচিত নয়।

এমন সময় এ গোপন প্রশিক্ষণের তথ্য সামনে এলো, যখন ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফরের পর বেইজিংয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তার বৈঠক হওয়ার কথা রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।

পশ্চিমা দেশগুলো যখন মস্কোকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তখন চীন রাশিয়ার তেল ও গ্যাস কিনে অর্থনৈতিক সহায়তা দেয়ার পাশাপাশি সামরিক সহযোগিতাও বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার বিশ্ববাজারে কমলো তেলের দাম রাজশাহীর কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প