Apan Desh | আপন দেশ

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ করলো ইরান

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৬, ৩ এপ্রিল ২০২৬

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ করলো ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। শুক্রবার (০৩ এপ্রিল) ধ্বংস হওয়া যুদ্ধবিমানটির কিছু ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ছবিগুলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। এক মার্কিন কর্মকর্তাও যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, নিখোঁজ পাইলটকে খুঁজতে বিশেষ অভিযান চলছে।

তবে ধ্বংসাবশেষের ছবিগুলো নিয়ে ভিন্ন বিশ্লেষণ দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের মতে, ছবিতে দেখা অংশগুলো যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

সিএনএন জানায়, ধ্বংসাবশেষে ‘US Air Forces in Europe’–এর আংশিক লোগো দেখা গেছে, যা সাধারণত এফ-১৫ বিমানের লেজে থাকে। এছাড়া লাল-সাদা ডোরাকাটা চিহ্নও রয়েছে, যা ওই বিমানের লেজের উপরের অংশের বৈশিষ্ট্য।

আরেকটি অংশে ‘CAUTION USE ONLY NON-MAGNETIC FASTENERS’ লেখা পাওয়া গেছে। এটি এফ-১৫ বিমানের দুটি ইঞ্জিনের মাঝামাঝি পেছনের অংশের সঙ্গে মিলে যায়।

গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো ও সাবেক রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স কর্মকর্তা পিটার লেইটন বলেন, গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী এটি এফ-১৫ বলেই মনে হচ্ছে। লেজের স্ট্রাইপ দেখে ধারণা করা যায়, এটি যুক্তরাজ্যের আরএএফ লেকেনহেথে থাকা ৪৮তম ফাইটার উইংয়ের অংশ।

আরও পড়ুন <<>> খাদ্যপণ্যের দাম বাড়ার ইঙ্গিত জাতিসংঘের

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরজিসির বিবৃতি তুলে ধরে জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় আকাশে একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করা হয়েছে।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালিতে কেশম ও হেঙ্গাম দ্বীপের মাঝামাঝি এলাকায় আরও একটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে সে ঘটনায় কোনো ছবি প্রকাশ করা হয়নি।

প্রথম দাবির পর এক্সে প্রকাশিত একটি ফ্যাক্টচেক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কেশম দ্বীপের আকাশে কোনো মার্কিন যুদ্ধবিমান হারানোর ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সেন্টকম।

আইআরজিসি জানিয়েছে, কেশম দ্বীপের দক্ষিণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের একটি উন্নত যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ভূপাতিত বিমানটি লেকেনহেথ স্কোয়াড্রনের ছিল এবং সেটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, সংঘাত শুরুর পর থেকে ইরান দাবি করছে, তারা এ পর্যন্ত দুটি এফ-৩৫, একটি এফ-১৮, দুটি এফ-১৬ এবং চারটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

অন্যদিকে প্রেস টিভি জানিয়েছে, চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে তিনটি এফ-১৫ এবং একটি কেসি-১৩৫ ট্যাংকার হারানোর কথা স্বীকার করেছে। তবে এ ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করতে পেন্টাগন চেষ্টা করছে বলেও দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়