ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যজুড়ে চলছে চরম উত্তেজনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তারই প্রেক্ষিতে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সে হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও দুই বাংলাদেশি আহত হয়েছেন।
সোমবার (০২ মার্চ) বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে একজন বাংলাদেশি নিহত ও দুইজন আহন হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে।
আরও পড়ুন <<>> ইরানের ১৩১টি শহর আক্রান্ত, নিহতের সংখ্যা ৫৫০ ছাড়াল
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ তারেক (৪৮) নিহত ও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। মো. তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































