Apan Desh | আপন দেশ

সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৩৮, ১ মার্চ ২০২৬

সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। রোববার (০১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে জন হিলি বলেন, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে তারা মনে করেন না। তবে ঘটনাটি প্রমাণ করে যে ইরানের প্রতিক্রিয়াশীল অবস্থান পুরো অঞ্চলের জন্য বাস্তব ও ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি তৈরি করছে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের এক হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ মিটার দূরত্বে আঘাত হানে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানায়, পূর্ব রিয়াদের বাসিন্দারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন।

আরও পড়ুন <<>> খামেনির মৃত্যুতে ইরানে তিন সদস্যের লিডারশিপ কাউন্সিল গঠন

সংবাদ সংস্থাটির প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এসব বিস্ফোরণ ইরানের হামলার ফল কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানেও রোববার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

সংস্থাটি জানায়, সাইয়্যেদ খানদান ও কাসর মোড় এলাকা, ভানাক স্কয়ার এবং মোতাহারি সড়কের আশপাশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব এলাকা তেহরানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরানের প্রাণকেন্দ্র লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা পরিচালনা করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়