সংগৃহীত ছবি
পরোক্ষ আলোচনার বৈঠক শেষ হতে না হতেই নতুন করে পাল্টাপাল্টি হুমকিতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের তেল রফতানিকে লক্ষ্য করে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার পর উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহায় ‘আল জাজিরা ফোরাম’-এর পার্শ্ববৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা প্রদান করেন। তিনি জানান, ইরান আক্রান্ত হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে। খবর প্রেস টিভির।
আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো আগ্রাসন চালায়, তবে আশপাশের আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এসব ঘাঁটি আমাদের নাগালের মধ্যেই আছে।
তিনি বলেন, তেহরান প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে আক্রমণ করবে না; বরং যেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেই আঘাত হানবে। ইরানি সশস্ত্র বাহিনী যেকোনো মুহূর্তে যেকোনো আক্রমণের দাঁতভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
ইরানের এ শীর্ষ কূটনীতিক বলেন, ইসলামি প্রজাতন্ত্র শুরু থেকেই স্পষ্ট করে বলেছে যে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই, কারণ এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক বিষয়, যেকোনো আলোচনার আওতার বাইরে।
তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের একটি অবিচ্ছেদ্য অধিকার ও এ প্রক্রিয়া অব্যাহত থাকা উচিত। তিনি বলেন, এমনকি সামরিক হামলা চালিয়েও ইরানের এ সক্ষমতা নষ্ট করা সম্ভব হয়নি। আব্বাস আরাকচি স্পষ্টভাবে জিরো-পারসেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধারণা প্রত্যাখ্যান করে বলেন, বিষয়টি আলোচনার পরিধির বাইরে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































