Apan Desh | আপন দেশ

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ ভাগ শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ ভাগ শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর পূর্বে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত ২ দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

শনিবার (০৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মার্কিন প্রেসিডেন্টের সই করা নির্বাহী এক আদেশে বলা হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে। সেইসঙ্গে ভারত আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে।

ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমাতে বাণিজ্যচুক্তির ঘোষণা দেয়ার কয়েক দিন পরই এ নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। 

নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাসের বিষয়টি ধাপে ধাপে কার্যকর হবে। 

আরও পড়ুন : ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ, দাবি ট্রাম্পের

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের নতুন এই পদক্ষেপ ট্রাম্প ও মোদির ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করল। বিভিন্ন সময় ট্রাম্প মোদিকে ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেছেন।  

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়