Apan Desh | আপন দেশ

একাত্তর আমাদের অস্তিত্ব, হারিয়ে যেতে দিবো না: মিহির ঘোষ

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

একাত্তর আমাদের অস্তিত্ব, হারিয়ে যেতে দিবো না: মিহির ঘোষ

ছবি: আপন দেশ

একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে  আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলবো। এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী মিহির ঘোষ।

গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কার নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। জনসভায় তিনি ভোট প্রার্থনা করে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।
 
তিনি বলেন, গরীব-দুঃখী-মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতে কাস্তে মার্কায় একত্রিত হতে হবে। ঘুষ-দুর্নীতি আমাদের রাষ্ট্রকে গ্রাস করেছে। এ থেকে পরিত্রাণ পাওয়া জরুরি। এজন্যই গরীব মানুষের কণ্ঠকে আরও জোরালো করতে হবে। 

আরও পড়ুন<<>>সংঘাতময় পরিস্থিতিতেও নির্বাচন কমিশনের ওপর চাপ নেই: ইসি

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা ডা. শাহীন রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীসহ গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান, বাসদের গোলাম রব্বানী প্রমুখ। 

মিহির ঘোষ বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত দেয়ার। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তর হচ্ছে, আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।

শোষিত-নিপীড়িত-দলিত মানুষের নেতা মিহির ঘোষ বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। দেশের স্থিতিশীল উন্নয়নে ধর্মীয় বিভেদ ভুলে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে হবে।  

তিনি বলেন, ভোট একটি আমানত। এটাকে খেয়ানত বা নষ্ট করা উচিত না। আমরা সে ব্যক্তিকে ভোট দেবো, যে ব্যক্তি সঠিকভাবে ভোটের মর্যাদা রক্ষা করবে। তিনি কাস্তে মার্কায় ভোট দেয়ার জন্য গাইবান্ধা সদর উপজেলাবাসীর প্রতি আহবান জানান। 

এর আগে কাস্তে মার্কার সমর্থনে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। সদর উপজেলার ১৩ ইউনিয়নসহ পৌরসভার নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মিছিলে কাস্তে প্রতীকের ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও লাল পতাকা বহন করেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়