Apan Desh | আপন দেশ

পাকিস্তানে ইমামবাড়ায় বিস্ফোরণে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে ইমামবাড়ায় বিস্ফোরণে নিহত ৩১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণটি ইসলামাবাদের তারালাই এলাকার ইমামবাড়া খাদিজাতুল কুবরায় ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দলসহ এক হাজারের বেশি সদস্য উদ্ধার অভিযান চালাচ্ছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, রক্তাক্ত মৃতদেহ মেঝেতে কার্পেট মোড়ে পড়ে আছে। চারপাশে ছড়িয়ে আছে কাঁচের টুকরো ও ধ্বংসাবশেষ। আতঙ্কিত মুসল্লিরা সাহায্যের জন্য চিৎকার করছে। ইমামবাড়ার বাইরের বাগানে আরও কয়েক ডজন আহত পড়ে আছেন।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ বলেন, বিস্ফোরণের প্রকৃতি এখনও নির্ধারণ করা যায়নি। এটি আত্মঘাতী নাকি পুঁতে রাখা বোমা, ফরেনসিক দল তা পরীক্ষা করবে।

আরও পড়ুন <<>> মাসকটে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

ঘটনার পর ইসলামাবাদ পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পিআইএমএস-এর মুখপাত্র জানিয়েছেন, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক, বার্ন সেন্টার ও নিউরোলজি বিভাগগুলো সক্রিয় রাখা হয়েছে। আহতদের পিআইএমএস ও পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকার একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত ও ৩০-এর বেশি আহত হয়েছিল। আজকের বিস্ফোরণ তার তিন মাসের কম সময়ের মধ্যে ঘটে।

পুলিশ ও কর্তৃপক্ষের মতে, পুরো ইসলামাবাদ এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তদন্ত চালানো হচ্ছে এবং আহতদের চিকিৎসা তৎপরতার সঙ্গে চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান